শ্রীপুরে ২১ লাখ টাকায় বনভূমি কিনে বাড়ি নির্মাণ, বিট অফিস পেল এক লাখ!
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে বনভূমি কিনে পাকা বাড়ি নির্মাণ করা হচ্ছে। অভিযোগ পেয়ে শুধু বাধা দিয়েই দায় সেরেছে বিট অফিস।
শ্রীপুর রেঞ্জের শ্রীপুর সদর বিটের গিলারচালা এলাকার আশপাড়ায় গত বেশ কিছুদিন ধরে এ ঘটনা ঘটছে। অবাধে বেহাত হচ্ছে বনভূমি।
সরেজমিনে জানা যায়, উপজেলার গিলারচালা এলাকার আশপাড়ায় সিএস ১৩৮৭ নং দাগের বনভূমি হাছেন আলী ও তার ভাইয়েরা ভোগদখল করছেন। সেখানে জমির দামও চড়া। গত মাসে তারা ৫ শতাংশ বনভূমি নেত্রকোনা সদরের বাইশধার এলাকার হাবুল মিয়ার কাছে ২১ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি করে দেন।
সাফ-কবলা রেজিস্ট্রি সম্ভব না হওয়ায় তাদের মধ্যে স্ট্যাম্পে একটি বায়নামা দলিল করা হয়। হাবুল মিয়া অগ্রিম বায়না হিসেবে ১০ লাখ টাকা দিয়েছেন। বাকি টাকা বাড়ি নির্মাণ শেষে দেওয়া হবে।
হাবুল মিয়া গত মাসের শেষ দিকে ওই বনভূমিতে পাকা বাড়ির নির্মাণকাজ শুরু করেন। অভিযোগ পেয়ে শ্রীপুর সদর বিট কর্মকর্তা আখতার হোসেন ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধের নির্দেশ দেন। পরে হাবুল মিয়া বিট অফিস ম্যানেজ করে আবার কাজ শুরু করেন। এখন কাজ চলছে দ্রুত গতিতে।
ওয়াকিবহাল সূত্র জানায়, হাবুল মিয়া বিট অফিসে এক লাখ টাকা দিয়েছেন। বিট অফিস দ্রুত কাজ শেষ করে বসবাস করা শুরু করতে বলেছে। সুযোগ পেয়ে বনভূমি বিক্রেতারাও বনভূমিতে পাকা স্থাপনা নির্মাণ করছেন।
এ ব্যাপারে বিট কর্মকর্তা আখতার হোসেন ঘটনার আড়ালে-কে বলেন, বনভূমি দখলকারীরা তার কথা শুনছেন না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে উচ্ছেদ মামলা করা হবে।



