গাজীপুরের বারুইপাড়া বিটে বনভূমি কিনে বাড়ি নির্মাণ, বিট কর্মকর্তা নীরব
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে বনভূমি বেচাকেনার ঘটনা বাড়ছে। ক্রেতা-বিক্রেতা স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে তৈরি করছেন দলিল। পরে ওই বনভূমিতে নির্মাণ করা হচ্ছে স্থাপনা।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ভাওয়াল রেঞ্জের বারুইপাড়া বিটের নোয়াগাঁও এলাকায় এ ধরনের একটি ঘটনা ঘটেছে। বিট অফিস সব জেনেও ব্যবস্থা নেয়নি।
সরেজমিনে জানা যায়, রাজেন্দ্রপুর রেলস্টেশনের দক্ষিণ-পূর্ব দিকে নোয়াগাঁও পশ্চিমপাড়া বাইতুন নূর জামে মসজিদ। সেখানকার ফার্নিচার ব্যবসায়ী সোহেলের বাড়ির পশ্চিম পাশে সংরক্ষিত বনভূমি বেচাকেনা হয়েছে। নেসলে কোম্পানির কর্মকর্তা সাইফুল ইসলাম এক দখলকারীর কাছ থেকে প্রায় ১০ শতাংশ বনভূমি কিনেছেন।
পরে সাইফুল ইসলাম ওই বনভূমিতে গত আগস্টে বারান্দাসহ তিন রুমের বাড়ির নির্মাণকাজ শুরু করেন। এক দালালের মাধ্যমে বিট অফিসে লেনদেন করা হয়। এখন কাজ শেষ পর্যায়ে। এর পাশেই তার দোতলা বাড়ি।
জানতে চাইলে বারুইপাড়া বিট কর্মকর্তা ফরিদুল ইসলাম ঘটনার আড়ালে-কে বলেন, ওই জায়গায় বহু আগে থেকেই বসতি গড়ে উঠছে। মাপজোখ করে বাড়ির অর্ধেক অংশ ভেঙে দেওয়া হয়েছে।
তবে খোঁজ নিয়ে জানা গেছে, বিট অফিসের লোকজন বাড়িটির শুধু দুটি রুমের বারান্দার টিনের চালা খুলে রেখেছেন। কোনো অংশ ভাঙা হয়নি।



