নাটোরের দিঘাপতিয়া কলেজের কর্মচারী আরিফ ও তার বাবা কারাগারে
নিজস্ব প্রতিবেদক : নাটোরের দিঘাপতিয়া এম কে কলেজের ল্যাব সহকারী আরিফুল ইসলাম আকাশ ও তার বাবা আলমগীর হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সম্প্রতি একটি হামলা মামলায় জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর রাতে নাটোর সদরের দিঘাপতিয়া ঘোষপাড়া এলাকার শহিদুল ইসলাম ওয়াসিম, তার মা জোৎস্না বেগম ও ছোট ভাই জোহানের ওপর হামলা চালানো হয়। এতে জোৎস্না বেগমের বাম হাতের কবজি ও জোহানের মাথায় গুরুতর জখম হয়।
এ ঘটনায় শহিদুল ইসলাম ওয়াসিম বাদী হয়ে নাটোর সদর থানায় মামলা করেন। মামলা করায় আসামিরা বাদী পরিবারকে হুমকিও দিচ্ছিলেন।
দিঘাপতিয়া এম কে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল্লাহ বিন আজাদ জানান, আরিফুল ইসলাম আকাশ কলেজের তৃতীয় শ্রেণির কর্মচারী। কলেজে নিয়মিত উপস্থিত না থাকায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



