শ্রীপুরে বনভূমিতে নবনির্মিত সেই বাড়ি উচ্ছেদ না করতে লেনদেন ২ লাখ!

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে বনভূমি কিনে নির্মাণাধীন পাকা বাড়ির কাজ অবশেষে সম্পন্ন হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে ঘটলেও বন কর্মকর্তারা যথাযথ ব্যবস্থা নেননি।

শ্রীপুর রেঞ্জের শ্রীপুর সদর বিটের গিলারচালা এলাকার আশপাড়ায় গত এক মাস ধরে চলেছে এই দখলযজ্ঞ। উচ্ছেদ না করার আশ^াস দিয়ে বিট অফিস হাতিয়ে নিয়েছে দুই লাখ ১০ হাজার টাকা।

সরেজমিনে জানা যায়, উপজেলার গিলারচালা এলাকার আশপাড়ায় সিএস ১৩৮৭ নং দাগের বনভূমি হাছেন আলী ও তার ভাইয়েরা ভোগদখল করছেন। গত আগস্টে তারা ৫ শতাংশ বনভূমি নেত্রকোনা সদরের বাইশধার এলাকার হাবুল মিয়ার কাছে ২১ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি করে দেন।

ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে স্ট্যাম্পে একটি বায়নানামা দলিল করা হয়। হাবুল মিয়া অগ্রিম হিসেবে ১০ লাখ টাকা প্রদান করেন। বাকি টাকা বাড়ির কাজ শেষে পরিশোধের সিদ্ধান্ত হয়।

হাবুল মিয়া আগস্টের শেষ দিকে ওই বনভূমিতে পাকা বাড়ির নির্মাণকাজ শুরু করেন। অভিযোগ পেয়ে শ্রীপুর সদর বিট কর্মকর্তা আখতার হোসেন ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধের নির্দেশ দেন। পরে হাবুল মিয়া বিট অফিস ম্যানেজ করে আবার কাজ শুরু করেন। সুযোগ পেয়ে বনভূমি বিক্রেতারাও বনভূমিতে পাকা স্থাপনা নির্মাণ করেছেন।

বিষয়টির ওপর ঘটনার আড়ালের গত ১৪ সেপ্টেম্বরের সংখ্যায় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। পরে বিট কর্মকর্তা এক সপ্তাহ আগের তারিখ দিয়ে একটি পিওআর মামলা করেন। তবে স্থাপনা উচ্ছেদে পদক্ষেপ নেওয়া হয়নি।

রেঞ্জ অফিসের একটি সূত্র জানায়, ওই ঘটনায় মামলা হলেও বাড়ির কাজ সম্পন্ন করার সুযোগ দেয় বিট অফিস। একই সঙ্গে স্থাপনা উচ্ছেদ না করারও আশ্বাস দেওয়া হয়। বিট অফিসের পক্ষে বনপ্রহরী শাকিল দেওয়ান ও বাগানমালি দেলোয়ার হোসেন অভিযুক্তের কাছ থেকে দুই লাখ ১০ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ।

বনপ্রহরী শাকিল দেওয়ান অভিযোগ অস্বীকার করে ঘটনার আড়ালে-কে বলেন, ঘটনার বিষয়ে আমি আগাগোড়া কিছুই জানি না। লেনদেন অসম্ভব। এই কথাটা কে বলছে, একটু ধরাইয়া দিলে ভালো হতো। ওরে একটা কড়া সাজা দিমু আমি।

বিট কর্মকর্তা আখতার হোসেন ঘটনার আড়ালে-কে বলেছেন, তিনি বাধা দিলেও দখলকারীরা তার কথা শোনেননি। দাগটি গেজেটভুক্ত হওয়ায় স্থাপনা উচ্ছেদ করা যায়নি।

তবে নথিপত্রে দেখা যায়, সিএস ১৩৮৭ নং দাগের পুরো জমি বন বিভাগের নামে গেজেটভুক্ত। দাগটি পার্ট নয়। যে দাগের ভূমি দখলের ঘটনায় পিওআর মামলা দায়ের করা যায়, বনায়ন হয়, সেই দাগে নির্মিত স্থাপনা উচ্ছেদে কোনো বাধা নেই।

আরও পড়ুন : শ্রীপুরে ২১ লাখ টাকায় বনভূমি কিনে বাড়ি নির্মাণ, বিট অফিস পেল এক লাখ!

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker