কাপাসিয়ায় কৃতী শিক্ষার্থীদের হান্নান শাহ স্মৃতি ফাউন্ডেশনের সংবর্ধনা

কাপাসিয়া প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত এইচএসসি ও আলিম শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার প্রয়াত বিএনপি নেতা ব্রিগেডিয়ার আ স ম হান্নান শাহ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা সদরের মডিউল কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিচার বিভাগ সংস্কার কমিশনের চেয়ারম্যান ও হান্নান শাহ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান।
মেধাবী নয় পরিশ্রমীরাই সফল হয়-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক শাহ রিয়াজুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাজহারুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, হেফাজতে ইসলামের নায়েবে আমির অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম মাজহারুল ইসলাম, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ আক্তারুজ্জামান ফরিদ, অ্যাডভোকেট শাহ বখতিয়ার, বিএনপি নেতা ফ ম মমতাজ উদ্দিন রেনু, শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি কলেজের অধ্যক্ষ মো. আফলাতুন, সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক হোসাইন মোহাম্মদ ফারুক এবং সিংগুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান।
প্রাক্তন বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান তার বক্তব্যে বলেন, মেধাকে কাজে লাগিয়ে দেশ, জাতি ও সমাজের দায়িত্ব পালন করতে হবে। জীবনে উন্নতি করতে হলে উচ্চ শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিতে হবে।
এ বছর এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০ জন, আলিম শিক্ষার্থী ১০ জন এবং দুজন কারিগরি শিক্ষার্থীসহ ৪২ কৃতী শিক্ষার্থীকে নগদ অর্থ ও হান্নান শাহ স্মৃতি ফাউন্ডেশনের সনদপত্র প্রদান করা হয়েছে।



