শ্রীপুরে স্বর্ণের দোকান লুটে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি

মেহেদী হাসান সবুজ : গাজীপুরের শ্রীপুরে স্বর্ণের দোকান লুটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ব্যবসায়ী গৌরাঙ্গ চন্দ্র দাস।
গাজীপুর সদরের হোতাপাড়া এলাকার গাজীপুর সাংবাদিক পরিষদ কার্যালয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
রিতা জুয়েলার্সের মালিক গৌরাঙ্গ চন্দ্র দাস বলেন, দিন দুপুরে ফিল্মি স্টাইলে তার দোকানের তালা ভেঙে প্রায় ১১২ ভরি স্বর্ণ ও ১৩০০ ভরি রুপা লুট করা হয়েছে। যার মূল্য আড়াই কোটি টাকা। ঘটনার পর সুব্রত দাস ও পায়েল সরকারসহ পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়।
তিনি বলেন, পুলিশ এখনো কোন আসামিকে গ্রেফতার করেনি। বরং অভিযুক্তরা পুলিশের সহযোগিতায় মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে তাকে ও তার পরিবারকে হয়রানি করছে।
গৌরাঙ্গ চন্দ্র দাস বলেন, আমার জীবনের সব সঞ্চয় এই দোকানেই ছিল। লুটপাটের ঘটনায় আমি আজ নিঃস্ব। আমি প্রশাসনের কাছে দ্রুত আসামিদের গ্রেফতার করে লুণ্ঠিত স্বর্ণ ও রুপা উদ্ধারের দাবি জানাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত দোকান মালিক হেলাল উদ্দিন ও তার ছেলে হৃদয় বলেন, আওয়ামী লীগ নেতা মোশাররফ সরকারের দ্বিতীয় স্ত্রী পায়েল সরকারের নেতৃত্বে স্বর্ণের দোকান লুট হয়েছে। পায়েল ও সুব্রতসহ আসামিরা ঘুরে বেড়াচ্ছে। আমরা মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহার চাই।



