ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ৫ হাজার

ডেস্ক নিউজ : ইরানে সরকারবিরোধী বিক্ষোভে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অন্তত পাঁচ হাজার নিহত হয়েছেন।
তাদের মধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রায় ৫০০ সদস্য রয়েছেন। এ জন্য ‘সশস্ত্র দাঙ্গাকারীদের’ দায়ী করা হচ্ছে।
দেশটির দায়িত্বশীল একজন সরকারি কর্মকর্তা রবিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুর্দি অধ্যুষিত এলাকাগুলোতে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। ওই অঞ্চলে কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা দীর্ঘদিন ধরে সক্রিয়। অতীতেও ব্যাপক সহিংসতা দেখা গেছে।
তিনি আরও জানান, নিহতের সংখ্যা আর খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই। ইসরায়েল ও বিদেশের সশস্ত্র গোষ্ঠীগুলো বিক্ষোভকারীদের সমর্থন ও সরঞ্জাম সরবরাহ করেছে।
যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংস্থা এইচআরএএনএ এক বিবৃতিতে জানিয়েছে, ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা তিন হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। আরও চার হাজার ৩৮২টি মৃত্যুর ঘটনা পর্যালোচনা করা হচ্ছে। এ ছাড়া ২৪ হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।



