গাজীপুরের রাণী বিলাসমণি স্কুলে ‘কোচিংবাজ’ শিক্ষকরা বেপরোয়া, বাড়ছে বিশৃঙ্খলা

ঘটনার আড়ালে প্রতিবেদন : গাজীপুর শহরের ঐতিহ্যবাহী রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে কোচিংবাজ শিক্ষকদের দৌরাত্ম্য চলছেই। কর্তৃপক্ষের নীরবতায় বাড়ছে বিশৃঙ্খলা।

অভিযুক্ত শিক্ষকদের বেশির ভাগই প্রতিষ্ঠানটিতে এক যুগ বা দেড় যুগেরও বেশি সময় ধরে বহাল রয়েছেন। তারা শিক্ষাকে বাণিজ্যে রূপ দেওয়ায় অভিভাবকরা পড়েছেন বিপাকে। বাধ্য হয়ে সন্তানদের পাঠাতে হচ্ছে কোচিং সেন্টারে।

বিষয়টির ওপর ঘটনার আড়ালের গত ২০ জুলাইয়ের সংখ্যায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ নিয়ে চলে তোলপাড়। কিন্তু শিক্ষা প্রশাসন সোচ্চার না হওয়ায় কোচিং অব্যাহত রেখে দাপট দেখানো হচ্ছে।

অনুসন্ধানে প্রাপ্ত তথ্যমতে, রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বর্তমানে প্রভাতী ও দিবা শিফটে শিক্ষার্থীর সংখ্যা ১৪০০-এর অধিক। কিছু শিক্ষক সাইনবোর্ডবিহীন কোচিং সেন্টার খুলে বসেছেন। তারা ক্লাসরুমে কম মনোযোগ দিয়ে শিক্ষার্থীদের কোচিংয়ে প্রভাবিত করেন। শিক্ষার্থীরাও ভালো ফলাফলের আশায় কোচিংয়ে ঝুঁকে পড়ে।

রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের কোচিংবাজ শিক্ষক হিসেবে আলোচিতরা হলেন ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ জসীম উদ্দিন খান, ভূগোলের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান শিবলী, গণিতের সিনিয়র শিক্ষক ছাইদুল ইসলাম, ইংরেজির সিনিয়র শিক্ষক নাছরীন আনজুমান রুনী, গণিতের সহকারী শিক্ষক মাহমুদা পারভীন, শারীরিক শিক্ষার সহকারী শিক্ষক মাহমুদা বেগম ও জীববিজ্ঞানের সহকারী শিক্ষক তাহমিনা সুলতানা যুথি।

তাদের মধ্যে জসীম উদ্দিন খান জোড়পুকুর সড়কের টাঙ্গাইল শাহীন স্কুলের পূর্ব পাশের গলিতে অ্যাডভোকেট হযরত আলীর বাড়ির নিচ তলায় রুম ভাড়া নিয়ে কোচিং সেন্টার চালাচ্ছেন। তার কোচিংয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় পৌনে ১০০। তারা সবাই রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের। তিনি শিক্ষার্থীপ্রতি দেড় হাজার টাকা থেকে দুই হাজার টাকা নেন। মাসে তার বাণিজ্য লক্ষাধিক টাকা।

জসীম উদ্দিন খান ২০১১ সালের ২৮ মার্চ থেকে রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আছেন। তার নিজ জেলা গাজীপুর। একাধিকবার অভিযোগ উঠলেও তিনি রয়েছেন ধরাছোঁয়ার বাইরে।

আসাদুজ্জামান শিবলী রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আছেন ২০০৫ সালের ১০ সেপ্টেম্বর থেকে। তার নিজ জেলা ময়মনসিংহ। তিনি বর্তমানে তরুবীথি এলাকার নিজের বাড়িতে কোচিং করাচ্ছেন। তার কোচিংয়ে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা প্রায় অর্ধশত। তিনি শিক্ষার্থীপ্রতি নেন দেড় হাজার টাকা। মাসে তার বাণিজ্য প্রায় পৌনে এক লাখ টাকা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ২০২২ সালে তাকে ঢাকায় বদলি করলেও তদবির করে তা কয়েক দিনের মধ্যেই বাতিল করা হয়।

ছাইদুল ইসলাম ২০১১ সালের ১৭ জানুয়ারি থেকে রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আছেন। তার নিজ জেলা ময়মনসিংহ। তিনি হাক্কানী সোসাইটি এলাকার ভাড়া বাসায় একাধিক ব্যাচে নিজ প্রতিষ্ঠানের বেশ কিছু শিক্ষার্থীকে পড়ান। শিক্ষার্থীপ্রতি নেওয়া হয় এক হাজার টাকা থেকে দেড় হাজার টাকা।

নাছরীন আনজুমান রুনী রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আছেন ২০০৬ সালের ১৬ জুলাই থেকে। তার নিজ জেলা গাজীপুর। ইতোমধ্যে একই প্রতিষ্ঠানে একটানা ২০ বছর পার হয়েছে। দক্ষিণ ছায়াবীথি এলাকার কাজী নজরুল ইসলাম সরণির ডি-১৪৯/১ নম্বর বাড়িতে স্থানান্তরিত নেক্সাস গ্রামার স্কুলে তার গোপন মালিকানা রয়েছে বলে অভিযোগ।

নাছরীন আনজুমান রুনী, মাহমুদা পারভীন ও মাহমুদা বেগম একসঙ্গে কোচিং করান। তাদের কোচিংয়ে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা শতাধিক। সব বিষয় বাবদ শিক্ষার্থীপ্রতি নেওয়া হয় দুই হাজার টাকা থেকে আড়াই হাজার টাকা। মাসে বাণিজ্য হয় দুই লক্ষাধিক টাকা।

মাহমুদা পারভীন ২০১০ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে ও মাহমুদা বেগম ২০১৭ সালের ২৫ মার্চ থেকে রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আছেন। উভয়ের নিজ জেলা গাজীপুর। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ২০২২ সালে মাহমুদা পারভীনকে নারায়ণগঞ্জে বদলি করলেও তদবির করে তা বাতিল করা হয়।

তাহমিনা সুলতানা যুথি রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আছেন ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি থেকে। তার নিজ জেলা মানিকগঞ্জ। তিনি অল্পতেই উত্তেজিত হয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। একাধিক অভিভাবকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে প্রধান শিক্ষক তাকে কারণ দর্শানোর নোটিশ দিলেও অসদাচরণ বন্ধ হয়নি।

তাহমিনা সুলতানা যুথি শাহীন স্কুলের পূর্ব পাশের গলিতে প্রিন্সিপালের বাড়ির নিচ তলায় রুম ভাড়া নিয়ে কোচিং করাচ্ছেন। তার কোচিংয়ে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রায় অর্ধশত। তিনি সপ্তাহে তিন দিন করে পৃথক ব্যাচ পড়ান।

সরকারি সুবিধাভোগী শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধে ২০১২ সালের নীতিমালায় বলা হয়েছে, কোনো শিক্ষক নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচিং বা প্রাইভেট পড়াতে পারবেন না। তবে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের অনুমতি নিয়ে অন্য প্রতিষ্ঠানের সর্বোচ্চ ১০ জনকে প্রাইভেট পড়াতে পারবেন। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষক কোচিং বাণিজ্যে জড়িত থাকলে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযুক্ত ছাইদুল ইসলাম, মাহমুদা বেগম ও তাহমিনা সুলতানা যুথি তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘটনার আড়ালের কাছে অস্বীকার করেছেন। অন্যদের বক্তব্য চেষ্টা করেও পাওয়া যায়নি।

অভিভাবকরা বলছেন, ওই শিক্ষকদের কাছে কোচিং না করালে ক্লাস ও পরীক্ষায় কম গুরুত্ব দেওয়া হয়। তাই আর্থিক সমস্যা থাকলেও সন্তানদের কোচিংয়ে দেন। কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকার পাশাপাশি প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষা হবে।

আরও পড়ুন : গাজীপুরের রাণী বিলাসমণি উচ্চ বিদ্যালয়ে ‘কোচিংবাজ’ শিক্ষকদের দৌরাত্ম্য চরমে

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker