গাজীপুর হিসাবরক্ষণ অফিসের ‘দাপুটে’ সুপারিনটেন্ডেন্ট খালেদাকে স্ট্যান্ড রিলিজ

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতির অভিযোগে গাজীপুর জেলা হিসাবরক্ষণ ও ফিন্যান্স অফিসের সুপারিনটেন্ডেন্ট খালেদা আক্তারকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের এক আদেশে তাকে তাৎক্ষণিক অবমুক্ত করে কালীগঞ্জ উপজেলা কার্যালয়ে ন্যস্ত করা হয়। একই সঙ্গে অভিযোগ তদন্তে কমিটিও গঠন করা হয়েছে।
এর আগে সাপ্তাহিক ঘটনার আড়ালের গত ৫ মের সংখ্যায় জেলা হিসাবরক্ষণ ও ফিন্যান্স অফিসের দুর্নীতি নিয়ে দ্বিতীয় পর্ব প্রকাশিত হয়। এ নিয়ে চলে ব্যাপক তোলপাড়। পরদিন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওই ব্যবস্থা নেওয়া হয়।
অভিযুক্ত খালেদা আক্তার নগরীর পূবাইল থানা এলাকার বাসিন্দা। তিনি প্রায় চার বছর জেলা হিসাবরক্ষণ ও ফিন্যান্স অফিসে কর্মরত ছিলেন। তার দাপটও ছিল বেশি।
সুপারিনটেন্ডেন্ট খালেদা আক্তার দুর্নীতির সংঘবদ্ধ চক্রের নেতৃত্ব দিচ্ছিলেন। চক্রটি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ব্যয় বিল ও বিভিন্ন প্রকল্পের বিল থেকে কমিশন আদায় করে আসছে। এ নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে।



