হান্নান শাহ মানুষের ভালোবাসার মানুষ ছিলেন : কাপাসিয়ায় ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০১৬ সালে বেগম খালেদা জিয়া দেশের কাঠামো পরিবর্তন করার জন্য বলেছিলেন। তারেক রহমানও ৩১ দফা কর্মসূচি দিয়েছিলেন।

তিনি বলেন, আজকে সরকারের কাছ থেকে যে সংস্কারের কথা বলা হচ্ছে, তার সবগুলো বিএনপির ৩১ দফার মধ্যে আছে। এসব দফার সঙ্গে আমরা একমত রয়েছি।

মির্জা ফখরুল বলেন, কিছু রাজনৈতিক দল ও লোকজন বলছে, বিএনপি সংস্কার মানে না। আরে বিএনপি তো সংস্কারের জন্মদাতা। সংস্কারের মধ্য দিয়ে বিএনপির জন্ম হয়েছে।

শনিবার বিকেলে গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার আ স ম হান্নান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ। তিনি সম্পূর্ণ নিরপেক্ষ থেকে একটা নিরপেক্ষ নির্বাচন আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশের মানুষের দাবি অনুযায়ী কিছু সংস্কার কাজ করছেন।

হান্নান শাহর স্মৃতিচারণ করে তিনি বলেন, দল যখন সবচেয়ে কঠিন সময় পার করেছিল, তখন তিনি সামনে এসে হাল ধরেছিলেন। বারবার জেলে গেছেন। তিনি বিএনপি ও মানুষের ভালোবাসার মানুষ ছিলেন।

জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরার সঞ্চালনায় স্মরণসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় নেতা ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, হান্নান শাহর ছেলে উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান, জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী প্রমুখ।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker